ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র দাবি করেছেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল সেকেরচি বলেন, ইরানের শক্তিশালী প্রতিরোধের মুখে মার্কিন রণতরীটি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে এলাকা ত্যাগ করে।
তার দাবি, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটি “ঐতিহাসিক পরাজয়” হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে তা ইতিহাসে উল্লেখ করা হবে।
তিনি আরও বলেন, বহু বছর ধরে এই রণতরীকে মুসলিম বিশ্বের ওপর প্রভাব বিস্তার ও ভয় সৃষ্টির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে আঞ্চলিক শক্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং ঘটনার স্বাধীন কোনো নিশ্চিত তথ্যও প্রকাশ পায়নি।




