ভিনিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর হামলাকে “একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন” এর সাথে তুলনা করেছেন। ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা চলছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, “ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসনের কোনও ভিত্তি বা যুক্তি নেই।”
পুতিন আরও বলেন, “মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসাথে চিন্তা করার সুযোগ দেবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন রাশিয়ার সাথে তার দেশের “খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে”যা “ কৌশলগত প্রকৃতির ” হয়ে উঠেছে।
তিনি বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা “আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন।”
এই বছরের শুরুতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের দেশের মধ্যে একটি “ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” স্বাক্ষর করেছেন।
কিন্তু এটি কোনও সামরিক জোট নয় যেটি রাশিয়াকে তেহরানের প্রতিরক্ষায় বা পক্ষে দাঁড়াতে বাধ্য করবে না।




