ইতালির ৬ হাজার স্কুলে বোমার আতঙ্ক, সাইবার হামলা মোকাবিলায় বিরোধীদের পাশে চান মেলোনি

 

ভিনিউজ ডেস্ক : ইতালির প্রায় ছয় হাজার ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শত শত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে কোথাও বোমা বা বাস্তব হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও সাইবার হামলা মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানী রোমে প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় পালাজ্জো কিজিতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মেলোনি। বার্তা সংস্থা রয়টার্স, এপি ও ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটির হাজার হাজার স্কুলে বেনামে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তল্লাশি চালায়। কয়েক শ স্কুল সাময়িকভাবে খালি করা হয়।

মেলোনি বলেন, একটি বেনামি ই-মেইলকে ইতালির শিশুদের শিক্ষাপঞ্জি নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। তাঁর মতে, এসব হুমকির উদ্দেশ্য মানুষের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি করা। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য বিরোধী দলগুলোর সঙ্গে ভাগাভাগি করতে চায়।

তবে বৃহস্পতিবারও নতুন করে প্রায় এক হাজার ৮০০ স্কুলে একই ধরনের হুমকি আসার খবর পাওয়া গেছে। ফলে সরকার স্কুলগুলোতে নিরাপত্তা যাচাইয়ের পাশাপাশি নতুন নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুধু গণহারে পাঠানো হুমকিমূলক ই-মেইলের ভিত্তিতে আর শিক্ষাপ্রতিষ্ঠান খালি করতে হবে না। অতিরিক্ত কোনো সুনির্দিষ্ট বিপদের প্রমাণ পাওয়া গেলেই কেবল সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শলাইন সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। ফাইভ স্টার মুভমেন্টের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং সুনির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা তৈরির আহ্বান জানান। অন্য বিরোধী নেতারাও সহযোগিতার আশ্বাস দিলেও সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন দিতে অস্বীকৃতি জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির বাইরেও আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের হুমকি এসেছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিমান চলাচল, সুপারমার্কেটের কম্পিউটার ব্যবস্থা এবং গণমাধ্যমের ওপর সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে ইতালির কর্তৃপক্ষ এখনো হামলাগুলোর সঙ্গে কোনো রাষ্ট্র বা নির্দিষ্ট গোষ্ঠীর যোগসূত্রের প্রমাণ পায়নি।

পূর্বের খবরডয়েসে ভেলে প্রতিবেদন : জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
পরবর্তি খবরজেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্রে তদন্ত, আলোচনায় কথিত চীনা গুপ্তচর অ্যালিস
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!