ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান-বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানিয়েছিলেন, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনও বোঝাপড়া করা যাবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে।
সরকারের সঙ্গে সিজেপি-র প্রতিনিধিদের দু’দফা বৈঠক হয়েছে। আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র।
ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।




